ভারতের রেলপথে যানজট ও পণ্য পরিবহনে বিধিনিষেধের কারণে কয়লা পরিবহনে বিঘ্ন ঘটায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমেছে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে। কয়লাবাহী রেক চলাচল ব্যাহত হওয়ায় কেন্দ্রটিতে স্বাভাবিকের তুলনায় কয়লা সরবরাহ কমে গেছে বলে জানিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানটি।
বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে একটি জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানায় আদানি পাওয়ার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার বিষয়ে এটিই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রথম ব্যাখ্যা।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি থেকে বেশিরভাগ সময় গোড্ডা কেন্দ্র থেকে ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট।
আদানি পাওয়ার জানায়, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দিনের অপেক্ষাকৃত কম চাহিদার সময়ে উৎপাদন ও সরবরাহ কমিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) অবহিত রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, স্বাভাবিক রেকের প্রাপ্যতা দ্রুত নিশ্চিত করতে ভারতীয় রেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা। পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা করছে আদানি পাওয়ার। বিদ্যুৎ সরবরাহে প্রভাব কমিয়ে আনতে এবং গোড্ডা কেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুদ কমে গেছে। এতে পুরো অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে।
গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেন্দ্রটি শুধু বাংলাদেশেই বিদ্যুৎ সরবরাহ করে।



