দেশের ৬৪ জেলার মধ্যে মোট প্রজনন হারে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগের ভোলা। জেলাটিতে একজন নারীর গড় সন্তান জন্মদানের হার ৩.৫০। অন্যদিকে সবচেয়ে কম প্রজনন হার খুলনা বিভাগের বাগেরহাটে, যেখানে এ হার মাত্র ১.৫০।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস) ২০২৫: ডিস্ট্রিক্ট অ্যাটলাস’ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
৩১৭ পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে বাংলাদেশের মোট প্রজনন হার ২.৪০। অর্থাৎ বর্তমান প্রজনন হারের ধারা অব্যাহত থাকলে একজন নারী তাঁর প্রজননক্ষম জীবনে গড়ে ২.৪টি সন্তানের জন্ম দেবেন বলে ধারণা করা হয়।
জেলাভিত্তিক হিসাবে ভোলার পর দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হার মাদারীপুরে, ৩.৩০। এরপর নোয়াখালীতে ৩ এবং লক্ষ্মীপুর, সুনামগঞ্জ ও বরিশালে ২.৯০।
বিপরীতে বাগেরহাটের পর কম প্রজনন হারের জেলাগুলোর মধ্যে রয়েছে যশোর, রাজবাড়ী ও নওগাঁ। এই তিন জেলায় প্রজনন হার ১ দশমিক ৭০।
বিভাগীয় হিসাবে সর্বোচ্চ প্রজনন হার বরিশালে, ২.৬০। এরপর চট্টগ্রামে ২ .৫০, ময়মনসিংহ ও সিলেটে ২.৪০ এবং রংপুরে ২.৩০। ঢাকা ও রাজশাহীতে এ হার ২.২০। সর্বনিম্ন খুলনা বিভাগে, ২.০০। এদিকে জরিপে জেলাভেদে অল্প বয়সে বিয়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ থেকে ১৯ বছর বয়সী নারীদের মধ্যে বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে বেশি জয়পুরহাটে, ৫৭.৪ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা সাতক্ষীরায় এ হার ৫৪.৮ শতাংশ।
এ ছাড়া কুষ্টিয়ায় ৫২ শতাংশ, মেহেরপুরে ৫১.৫ শতাংশ এবং মানিকগঞ্জে ৫০.৬ শতাংশ। অন্যদিকে একই বয়সী নারীদের বর্তমানে বিবাহিত থাকার হার সবচেয়ে কম সিলেটে, ১৪.৩ শতাংশ।


