...|...|...

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে কত মানুষ ইন্টারনেট ব্যবহার করে?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১০:৩৩
Shares
বাংলাদেশে কত মানুষ ইন্টারনেট ব্যবহার করে?

ছবি: সংগৃহীত

যোগাযোগ, শিক্ষা, কেনাকাটা কিংবা কর্মসংস্থান-জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বাড়ছে ইন্টারনেটের প্রয়োজনীয়তা। স্মার্টফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, মোবাইল ব্যাংকিং ও অনলাইন সেবার বিস্তারে বাংলাদেশেও দ্রুত বদলে যাচ্ছে মানুষের জীবনযাত্রা। কিন্তু দেশের কত মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছেন? আর কত মানুষ এখনো ডিজিটাল সুবিধার বাইরে রয়েছেন?

আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডেটারিপোর্টালের ‘ডিজিটাল ২০২৭: বাংলাদেশ’ প্রতিবেদনের এবং ৫ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ), জিএসএমএ ইন্টেলিজেন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রায় ৯ কোটি ৫৩ লাখ। ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত হিসাবে এটি মোট জনসংখ্যার ৫৩ দশমিক ৪ শতাংশ।

ইন্টারনেট ব্যবহার করেন না ৮ কোটির বেশি মানুষ

ডেটারিপোর্টালের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৮ কোটি ৩১ লাখ মানুষ এখনো ইন্টারনেট ব্যবহার করেন না। যা মোট জনসংখ্যার ৪৬ দশমিক ৬ শতাংশ।

বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের উচ্চ ব্যয়, প্রযুক্তিগত দক্ষতার অভাব, স্মার্টফোনের সীমিত প্রাপ্যতা এবং কিছু এলাকায় দুর্বল নেটওয়ার্ক ডিজিটাল সেবা গ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে।

এক বছরে বেড়েছে ১১ লাখ ব্যবহারকারী

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত এক বছরে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে প্রায় ১১ লাখ।

তবে ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও জনসংখ্যার অনুপাতে ইন্টারনেট ব্যবহারের হার প্রায় অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ ডিজিটাল সেবার বিস্তার ঘটলেও দেশের একটি বড় জনগোষ্ঠী এখনো ইন্টারনেট সুবিধার বাইরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কত ব্যবহারকারী?

প্রতিবেদনের তথ্য বলছে, বাংলাদেশে সক্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী পরিচয়ের সংখ্যা প্রায় ৬ কোটি ৮৩ লাখ। অন্যদিকে দেশে সক্রিয় মোবাইল সংযোগ রয়েছে প্রায় ১৮ কোটি ৫০ লাখ।

তবে এই পরিসংখ্যানের অর্থ এই নয় যে সমসংখ্যক মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মোবাইল ফোন ব্যবহার করেন। একজন ব্যক্তির একাধিক সিম বা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থাকতে পারে।

ডিজিটাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা

ইন্টারনেটের ব্যবহার বাড়ায় দেশে ই-কমার্স, ফ্রিল্যান্সিং, অনলাইন শিক্ষা এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসার ঘটছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের জন্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ।

তবে দেশের প্রায় অর্ধেক মানুষ এখনো ইন্টারনেটের বাইরে থাকায় ডিজিটাল বৈষম্য কমানো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

সংশ্লিষ্টদের মতে, সাশ্রয়ী ইন্টারনেট, উন্নত নেটওয়ার্ক, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা গেলে আরও বেশি মানুষ অনলাইন সেবার আওতায় আসবেন। এতে দেশের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনাও আরও বিস্তৃত হবে।