...|...|...

ক্যাম্পাস

চবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ডিজিটাল লার্নিং হাব চালু

চবি প্রতিনিধি
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৩৪
Shares
চবি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ডিজিটাল লার্নিং হাব চালু

প্রযুক্তিনির্ভর শিক্ষা, উচ্চতর গবেষণা ও আধুনিক ডিজিটাল দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে ‘চাকসু সাইবার ক্যাফে অ্যান্ড ডিজিটাল লার্নিং হাব’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এই আধুনিক লার্নিং প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে হাবটির উদ্বোধন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান এবং চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি যৌথভাবে এর উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলমগির, চাকসু জিএস সাঈদ বিন হাবিবসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। উদ্যোগটির সার্বিক বাস্তবায়ন ও সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন চাকসুর বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান।

শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত করা এবং গবেষণার সুযোগ বাড়াতে হাবটিতে বিভিন্ন সুবিধা যুক্ত করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এখানে ১০টি উচ্চ কনফিগারেশনের কম্পিউটার স্থাপন করা হয়েছে। এসব কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীরা জটিল সফটওয়্যারভিত্তিক কাজ, প্রোগ্রামিং, তথ্য বিশ্লেষণ, অনলাইন শিক্ষা এবং বিভিন্ন একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য স্বাচ্ছন্দ্যময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে পুরো এলাকা শীতাতপ নিয়ন্ত্রিত করা হয়েছে। দীর্ঘ সময় পড়াশোনা, দলীয় আলোচনা ও সৃজনশীল কাজে শিক্ষার্থীরা যাতে স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন, সেজন্য এখানে কফির ব্যবস্থাও রাখা হয়েছে।

ইন্টারনেট ও কম্পিউটার সেবার পাশাপাশি লার্নিং হাবটিকে ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে এখানে নিয়মিত বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ, অনলাইন কোর্স ও কর্মশালার আয়োজন করা হবে। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, প্রেজেন্টেশন এবং ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সফট স্কিল অর্জনের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, “একবিংশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তিতে দক্ষ হয়ে ওঠা অপরিহার্য। চাকসু কর্তৃক আয়োজিত এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা ও দক্ষতা অর্জনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

চাকসু নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ডিজিটাল লার্নিং হাব চবি শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।