...|...|...

শিক্ষা

বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১১
Shares
বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে এক সেমিস্টার পড়ার সুযোগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে সম্পূর্ণ অর্থায়নে এক সেমিস্টার পড়াশোনার সুযোগ এসেছে। কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি (ইয়েস) প্রোগ্রামের স্প্রিং ২০২৭ সেমিস্টারের জন্য আবেদন শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে গিয়ে একটি আমেরিকান হাইস্কুলে এক সেমিস্টার পড়াশোনার পাশাপাশি দেশটির সংস্কৃতি ও জীবনযাপন সম্পর্কে জানার সুযোগ পাবেন। এ সময় তারা একটি মার্কিন পরিবারের সাথে বসবাস করবেন।

মার্কিন দূতাবাস জানিয়েছে, ইয়েস প্রোগ্রামের অন্যতম লক্ষ্য তরুণ নেতৃত্বের একটি নেটওয়ার্ক গড়ে তোলা। এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা মার্কিন নাগরিকদের সাথে ভাগ করে নেওয়ার সুযোগ পান।

মেধার ভিত্তিতে প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। ২০০৪ সালে ইয়েস প্রোগ্রাম চালুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৩০ জন শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।

আগ্রহী শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড রিসোর্স নেটওয়ার্ক (আইইএআরএন) বাংলাদেশের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনসংক্রান্ত তথ্য জানতে [email protected] অথবা [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

প্রোগ্রামটির মাধ্যমে শিক্ষার্থীরা শুধু বিদেশে পড়াশোনার সুযোগই পাবেন না, বরং ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মতবিনিময়, নেতৃত্বের দক্ষতা বিকাশ এবং আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগও পাবেন।