পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে বাংলাদেশে আনার সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর ৬ অক্টোবর বাংলাদেশে ম্যাচ খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে তারা। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ঢাকায় ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধিদলের আকস্মিক সফর সেই সম্ভাবনাকে জোরালো করেছে।
রোববার (২৩ আগস্ট) সিবিএফের পাঁচ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় আসে। তারা জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শনের পাশাপাশি বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তবে বাংলাদেশে ম্যাচ নিয়ে এখনো কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত ফিফা উইন্ডোতে ব্রাজিল ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ। উইন্ডোর শেষ দিন ৬ অক্টোবর বাংলাদেশে খেলার আগ্রহ রয়েছে তাদের।
তবে এখানেই বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সূচির জটিলতা। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফার তত্ত্বাবধানে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচের সাথে স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হলে ৩ অক্টোবর রাত বা ৪ অক্টোবর দেশে ফিরতে হতে পারে দলকে। ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা কঠিন।
এ ছাড়া ফিফা উইন্ডোতে সর্বোচ্চ চারটি ম্যাচ খেলার নিয়ম রয়েছে। আসিয়ান কাপে বাংলাদেশ চারটি ম্যাচ খেললে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ফিফার স্বীকৃতি পাবে কি না, সেটিও প্রশ্ন। তাই বাফুফেকে সূচি নিয়ে ভাবতে হচ্ছে।
ব্রাজিলকে বাংলাদেশে আনতে বড় অঙ্কের খরচও হবে। তবে কলকাতা থেকে ঢাকায় আনলে সরাসরি ব্রাজিল থেকে দল আনার তুলনায় ব্যয় কমবে। সূত্রের খবর, প্রায় ৯০ সদস্যের ব্রাজিল দলকে কলকাতা থেকে ঢাকায় এবং পরে ঢাকা থেকে দুবাই চার্টার্ড ফ্লাইটে পাঠানোর পরিকল্পনা থাকতে পারে।
সম্প্রতি কলকাতার সল্টলেক স্টেডিয়ামের মাঠ নিয়ে ব্রাজিলের অসন্তোষের খবরও এসেছে। তবে ঢাকায় প্রতিনিধিদলের সফর থেকে ধারণা করা হচ্ছে, বাংলাদেশকে ঘিরে ব্রাজিলের আলাদা পরিকল্পনা রয়েছে। এখন অপেক্ষা, সব জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে ব্রাজিলের ম্যাচটি হয় কি না।


