...|...|...

খেলা

বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয় : প্রোটিয়া কোচের সতর্কবার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, সকাল ১১:৩৮
Shares
বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয় : প্রোটিয়া কোচের সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেস বোলিং আক্রমণে বড় পরিবর্তন এসেছে। এখন যেকোনো কন্ডিশনে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মতো বোলার রয়েছে দলে। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। বাংলাদেশের পেসারদের সমীহ করার পাশাপাশি তাদের হালকাভাবে না নেওয়ার বার্তাও দিয়েছেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচটির আগে সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বাংলাদেশের পেস বোলিং শক্তি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন প্রোটিয়া কোচ।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। ওই সিরিজ জয়ের সুবাদে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানেও উঠেছে দলটি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লড়াইয়েও নিজেদের অবস্থান শক্ত করেছে তারা।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট অনুষ্ঠিত হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে। হাইভেল্ড অঞ্চলের এই দুই ভেন্যুতে সাধারণত পেসাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টও একই ভেন্যুতে খেলবে দক্ষিণ আফ্রিকা। ফলে এই ম্যাচগুলোতে দুই দলের পেস বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

বাংলাদেশের পেস আক্রমণের উন্নতির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন কনরাড। তিনি বলেন, ‘বাংলাদেশের এখন দারুণ একটি পেস আক্রমণ গড়ে উঠেছে। আগে তারা এখানে খেলনা বন্দুকের মতো বোলিং আক্রমণ নিয়ে আসত, কিন্তু এখন তাদের এমন বোলার আছে যারা যেকোনো কন্ডিশনে লড়াই করতে জানে।’

হাইভেল্ডের কন্ডিশনে পেসাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার কোচ। তাই বাংলাদেশের বোলারদের নিয়ে সতর্ক থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘বিশেষ করে হাইভেল্ডের কন্ডিশনে, যেখানে পেসাররাই বাড়তি সুবিধা পাবে বলে আমরা আশা করছি। আমরা তাদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না।’