...|...|...

খেলা

বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, বিকেল ৪:৪৩ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:১২
Shares
বাংলাদেশের কাছে হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

বাংলাদেশের কাছে নাকানিচুবানি খেয়ে টেস্ট হারে কেবল আত্মসম্মানই নয়, পাশপাশি বড় অংকের আর্থিক জরিমানার মুখেও পড়তে পারে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ম্যাচ চলাকালে নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারায় এবার আইসিসির বড় অঙ্কের আর্থিক জরিমানা ও পয়েন্ট কর্তনের খড়গে পড়তে যাচ্ছে প্যাট কামিন্সের দল।

ডারউইনে অনুষ্ঠিত টেস্টের চতুর্থ দিনেই বাংলাদেশকে ঐতিহাসিক জয় উপহার দেয় সফরকারীরা, যা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়। আর এই ম্যাচেই স্লো ওভার-রেটের কারণে ফেঁসে যাচ্ছে স্বাগতিকরা।

আইসিসির নিয়মানুযায়ী টেস্টে দিনে অন্তত ৯০ ওভার বোলিং করা বাধ্যতামূলক। কিন্তু শনিবারের (১৫ আগস্ট) খেলায় নির্ধারিত সময়ে চার ওভার কম বল করে অস্ট্রেলিয়া।

নিয়ম অনুযায়ী, প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ কেটে নেওয়া হয়। অস্ট্রেলীয় ক্রিকেটারদের প্রতি টেস্টের ম্যাচ ফি ২০ হাজার ডলার। ফলে চার ওভার কম করার অপরাধে প্রতিটি ক্রিকেটারের ৪ হাজার ডলার করে জরিমানা হতে পারে।

আর্থিক ক্ষতির পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) টেবিল থেকেও চার পয়েন্ট হারানোর শঙ্কায় রয়েছে অজিরা। বর্তমানে ৭৭.৭৮ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৭৫ শতাংশ এবং ৬৬.৬৭ শতাংশ নিয়ে চার নম্বরে রয়েছে বাংলাদেশ।

স্লো ওভার-রেটের কারণে পয়েন্ট কাটলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সমীকরণে বড় ধাক্কা খাবে অস্ট্রেলিয়া। এর আগে ২০২০ সালের বক্সিং ডে টেস্টে একইভাবে চার পয়েন্ট কাটা দেওয়ায় ২০২১ সালের ডব্লিউটিসি ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া হয়েছিল তাদের।