ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ঘোষিত দলে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন নতুন প্রবাসী ফুটবলার।
নতুন তিন মুখের মধ্যে আক্রমণভাগে জায়গা পেয়েছেন ফারহান আলী ওয়াহিদ ও জাপান প্রবাসী শুকি ইতফুসা। জাতীয় দলে একজন মানসম্পন্ন সেন্টার ফরোয়ার্ডের ঘাটতি মেটাতে ফারহানকে নতুন বিকল্প হিসেবে দেখছেন হেড কোচ টমাস ডুলি।
ফারহান ইন্দোনেশিয়ায় সরাসরি দলের সাথে যোগ দেবেন। অন্যদিকে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে আলো ছড়িয়ে প্রথমবারের মতো মূল দলে জায়গা করে নিয়েছেন রক্ষণভাগের তরুণ ফুটবলার জিদান ইউসুফ।
নতুন প্রবাসীদের পাশাপাশি দলে রাখা হয়েছে আগে থেকেই লাল-সবুজের প্রতিনিধিত্ব করা হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামকে। তবে বাফুফের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন জিকো, ফাহিম ও সাইফ।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা আসিয়ান কাপ। অভিজ্ঞতা ও নতুন প্রবাসী প্রতিভার মেলবন্ধনে কোচ টমাস ডুলির শিষ্যরা কেমন পারফর্ম করেন, সেটিই এখন দেখার বিষয়।
বাংলাদেশের ২৩ সদস্যের দল
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মন, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, রাকিব হোসেন, মিনহাজুল করিম স্বাধীন, ফাহামিদুল ইসলাম, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতফুসা।

