বলিউডের জনপ্রিয় নির্মাতা সঞ্জয় গুপ্ত আর নেই। মুম্বাইয়ে নিজের বাসভবনে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গত ৩০ অক্টোবর রাতে এ দুর্ঘটনা ঘটে। বাসার ভেতরে পড়ে মাথায় আঘাত পান সঞ্জয়। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকায় শুরুতে বিষয়টি কেউ টের পাননি। পরদিন সকালে তাকে পড়ে থাকতে দেখে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মুম্বাইয়ের ভারসোভা থানার পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (অ্যাকসিডেন্টাল ডেথ রিপোর্ট) নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে কোনো ষড়যন্ত্রের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সঞ্জয় গুপ্তের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার দীর্ঘদিনের সহকর্মী ও নির্মাতা মিলাপ জাভেরি। নির্মাতা অশোক পণ্ডিতও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
তিন দশকের বেশি সময়ের চলচ্চিত্রজীবনে অপরাধ, গ্যাংস্টার ও অ্যাকশনধর্মী সিনেমা নির্মাণ করে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন সঞ্জয় গুপ্ত। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘কান্তে’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’, ‘জাজবা’ ও ‘কাবিল’।
সূত্র: ইন্ডিয়া টুডে

