বরিশাল নগরীর কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি মদসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন পরিমাণে কেরু অ্যান্ড কোম্পানির তৈরি হুইস্কি ও ভদকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের নথি অনুযায়ী, গত ২১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোডের হোটেল এরিনার সামনের পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বিপুল মালো (২৯), হাসিব (২৪), মেহেদী হাসান (২৫), অপু মুখার্জী (২৬), সুমন কর্মকার (৪৮), পরিমল চন্দ্র রায় (৫৭) ও লিময় খন্দকার (৪৮)।
মামলার এজাহারে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কয়েকজন ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে দেশীয় তৈরি মদ নিয়ে অবস্থান করছেন। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।
এ সময় তাদের হেফাজত থেকে কেরু অ্যান্ড কোম্পানির তৈরি বিভিন্ন ধরনের হুইস্কি ও ভদকা উদ্ধার করা হয়। জব্দ করা মদের মধ্যে ইম্পেরিয়াল হুইস্কি ও সারিরা ভদকাসহ বিভিন্ন ধরনের মদ রয়েছে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা বিক্রির উদ্দেশ্যে এসব মদ নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়। পরে ২২ অক্টোবর গ্রেফতার সাতজনকে বরিশালের আদালতে পাঠায় পুলিশ।


