বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মামুন (২৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগে চার সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
নোটিশ পাওয়া নার্সরা হলেন আফরিন জান্নাত, শীলা হাওলাদার, রুমানা ফেরদৌস ও মাহফুজা আক্তার। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের এ নোটিশ দেওয়া হয়। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকার বাসিন্দা মামুনকে শুক্রবার দুপুরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। তবে রোগীর ব্যবস্থাপত্র অনুযায়ী যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত না করে দায়িত্বপ্রাপ্ত নার্সরা ডিউটি ডেস্কে বসে ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, রাত ১১টার দিকে মামুনের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি রক্তবমি করতে থাকেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসককে যথাযথভাবে অবহিত না করে নার্সরা দায়িত্বে অবহেলা করেন বলে অভিযোগ রয়েছে। রোগীর মৃত্যুর পর স্বজন ও স্থানীয়রা হাসপাতালে এসে নার্সদের বিরুদ্ধে অবহেলা ও অসদাচরণের অভিযোগ তোলেন।
রোগীর স্বজন ও প্রত্যক্ষদর্শী মোসা. সেতারা বেগম অভিযোগ করেন, রাতে মামুনের হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তিনি নার্সদের বিষয়টি জানান। কিন্তু তারা গুরুত্ব না দিয়ে উল্টো ‘আপনারা অভিনয় শুরু করেছেন’ বলে মন্তব্য করেন। বারবার ডাকার পরও নার্সরা এগিয়ে আসেননি বলে দাবি করেন তিনি। সেতারা বেগমের অভিযোগ, যথাসময়ে চিকিৎসা পেলে হয়তো রোগীকে বাঁচানো সম্ভব হতো। তার দাবি, রোগীর মৃত্যুর প্রায় ৩০ মিনিট পর নার্স এসে ইসিজি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন আরেক প্রত্যক্ষদর্শী মো. বেলাল বলেন, রাতে মামুনের শ্বাসকষ্ট বেড়ে গেলে নার্সদের ডাকাডাকি করা হলেও তারা আসেননি। প্রয়োজনীয় সহায়তা না পেয়ে রোগী নিজেই নিজের ওষুধ সেবন করেন বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নার্সরা। সিনিয়র স্টাফ নার্স রুমানা ফেরদৌস মুঠোফোনে বলেন, মৃত রোগীর সাথে তার মা ছাড়া অন্য কোনো স্বজন ছিলেন না। অসুস্থতার বিষয়টি জানানো হলে রোগীকে চিকিৎসকের কাছে পাঠানো হয় এবং অক্সিজেনের ব্যবস্থা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে। রোগী বা স্বজনদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি বলেও দাবি করেন তিনি।
আরেক অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স মাহফুজা আক্তার বলেন, রাতে তিনি মেডিসিন ওয়ার্ডের দায়িত্বে ছিলেন। ওই সময় রোগী বা তার স্বজনদের সাথে কোনো খারাপ আচরণের ঘটনা ঘটেনি। তবে বিকেলের শিফটে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে এবং রোগীকে ‘অভিনয় করছেন’ বলা হয়েছে বলে তিনি শুনেছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মো. হাবিবুর রহমান বলেন, তিনি মৌখিকভাবে বিষয়টি শুনেছেন। রোগীকে ‘অভিনয় করছেন’ বলা হয়ে থাকলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নার্সদের দায়িত্ব হাসপাতালে ভর্তি রোগীদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা। এ ঘটনায় নার্সদের সম্পৃক্ততা পাওয়া গেলে হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. তাজকিয়া সিদ্দিকাহ বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


