বরগুনায় রাজনৈতিক মামলায় জেলা যুবলীগ ও কৃষক লীগের দুই নেতাসহ আওয়ামী লীগ সমর্থক পৌরসভার সাবেক এক কাউন্সিলরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) পৃথক সময়ে বরগুনা পৌর শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন বরগুনা জেলা যুবলীগের সহসভাপতি মো. আরিফ হোসেন মোল্লা, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন এবং জেলা আওয়ামী লীগের সমর্থক ও বরগুনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবিরুর রহমান ওরফে কবির।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া যুবলীগ ও কৃষক লীগের দুই নেতা বরগুনা সদর থানায় দায়ের করা একটি ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামি।
অন্যদিকে, সাবেক কাউন্সিলর কবিরুর রহমান একই মামলার সন্দেহভাজন আসামি। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বরগুনা সদর থানায় পূর্বে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজনের মধ্যে দুজন মামলার এজাহারনামীয় আসামি। অপরজন একই মামলার সন্দেহভাজন আসামি। তাদের আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।


