ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাফতরিক কার্যক্রম শুরু করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে দুপুর ১২টার দিকে বঙ্গভবনে পৌঁছাবেন তিনি। এরপর রাষ্ট্রপতির কার্যালয়ে নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।
এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। সংবিধানের বিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর রবিবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।


