...|...|...

সারাদেশ

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, রাত ১০:২৫
Shares
বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন। ছবি: টাইমস টুডে

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনের অংশে টানানো কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তবে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবককে কার্যালয়ের সামনে আগুন দিতে দেখা গেছে। আগুনে কার্যালয়ের সামনের অংশে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা-পুলিশ। এ সময় পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সারাদেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে নন্দীগ্রামে আমাদের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। উপজেলা বিএনপির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে অগ্নিসংযোগের সাথে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ।