...|...|...

সারাদেশ

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২১
Shares
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে একটি দুর্ঘটনায় সিএনজিচালকসহ দুজন এবং অপর ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা এক নারী নিহত হন। পৃথক এসব ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। আশরাফ নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস হাসপাতালে নেওয়া হচ্ছিল। হাসপাতালের সামনে সড়কে ইউটার্ন নেওয়ার সময় একটি অজ্ঞাতনামা গাড়ি সিএনজিটিকে ধাক্কা দেয়।

এতে সিএনজিচালকসহ দুজন নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশরাফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে।

অন্যদিকে, এর আগে রাত ৩টার দিকে বগুড়ার রানীরহাট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মৃত এক নারীর  লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়ি নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একটি ব্রিজে ধাক্কা দেন। এতে খাদিজা নামে এক নারী নিহত হন।

পুলিশ জানিয়েছে, পৃথক দুই দুর্ঘটনায় নিহতদের লাশের বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।