দেশব্যাপী নতুন করে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ ও সামরিক পুলিশ সদস্য মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। সম্ভাব্য সড়ক অবরোধ, ভাঙচুর ও বিশৃঙ্খলা ঠেকাতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
বার্তাসংস্থা আনাদোলু বলছে, শনিবার (৭ নভেম্বর) ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার সংবাদ সম্মেলনে নিরাপত্তা ব্যবস্থার বিস্তারিত তুলে ধরেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।
মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে বেশ কিছু বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, যেগুলোর অনেকগুলোরই আনুষ্ঠানিক নেতৃত্ব বা শ্রমিক ইউনিয়নের তদারকি নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতা ও অবরোধের আহ্বানও জানানো হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় ১১০টি বিশেষ মোবাইল ইউনিট, ২৫টি সেন্টোর সাঁজোয়া যান, জলকামান, হেলিকপ্টার ও ড্রোন মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি সড়ক, রেলপথ ও স্টেশনগুলোতে তল্লাশি চালাবে পুলিশ।
ফরাসি সংবাদমাধ্যম ল্য মঁদের তথ্য অনুযায়ী, রাজধানী প্যারিসে ছাত্র ও শ্রমিক সংগঠনগুলো প্লাস দে লা রিপাবলিক থেকে প্লাস দে লা নাসিওঁ পর্যন্ত বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে। অন্যদিকে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের কর্মীরা প্লাস দে লা কনকর্ডে জড়ো হওয়ার পরিকল্পনা করেছেন।
সরকার জানিয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে সহিংসতা, ভাঙচুর কিংবা লুটপাটে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি শিক্ষাব্যবস্থার সংকট, প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ফ্রান্সজুড়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে।
এর আগে ৫ নভেম্বর দেশজুড়ে ১৯৩টি বিক্ষোভ কর্মসূচিতে সরকারি হিসাবে ৫ লাখ ৭৫ হাজার মানুষ অংশ নেন। শুধু প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৬৫ হাজার।


