রাজবাড়ীর কালুখালীতে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে নজরুল ইসলাম খান (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান ওই গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবারের অভিযোগ, ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে তাদের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হলে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয়। এ সময় তার মাথায় ইট দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
নিহতের মেয়ে রুনা বলেন, ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সাথে আমাদের বিরোধ হয়। পরে তারা হামলা চালিয়ে আমার বাবাকে মারধর করে। একপর্যায়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে একজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


