ফেসবুকে কনটেন্টের কার্যকারিতা ও প্রসার পরিমাপের অত্যন্ত জনপ্রিয় সূচক ‘রিচ’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এর অভিভাবক প্রতিষ্ঠান মেটা। এখন থেকে ‘রিচ’-এর পরিপূরক হিসেবে যুক্ত হচ্ছে নতুন মেট্রিক ‘ভিউয়ারস’।
আগামী ৩১ অক্টোবর থেকে ফেসবুকে এই বড় পরিবর্তনটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
দীর্ঘদিন ধরে ফেসবুকে একটি নির্দিষ্ট সময়ে ঠিক কতটি আলাদা বা স্বতন্ত্র অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট দেখা হয়েছে, তার হিসাব দিতে ব্যবহৃত হয়ে আসছিল ‘রিচ’। তবে ৩১ অক্টোবরের পর থেকে সূচকটি আর দেখা যাবে না। এর বদলে যেকোনো কনটেন্টের মূল দর্শকসংখ্যা নির্ধারণে কাজ করবে ‘ভিউয়ারস’।
মেটার এই নতুন সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়তে পারে বিভিন্ন সংবাদমাধ্যম, ডিজিটাল বিপণনকারী, ব্যবসায়ী এবং কনটেন্ট ক্রিয়েটরদের পেজ পারফরম্যান্স বিশ্লেষণে। কারণ, ‘রিচ’ এবং ‘ভিউয়ারস’-এর হিসাব গণনার পদ্ধতিতে পার্থক্য থাকায় আগের তথ্যের সাথে নতুন ডেটার সরাসরি তুলনা করা কিছুটা কঠিন হবে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের সাথে দ্রুত মানিয়ে নিতে ফেসবুক পেজ পরিচালনাকারীদের আগের পারফরম্যান্সের সব রিপোর্ট সংরক্ষণ করে রাখা উচিত। একই সাথে নতুন ‘ভিউয়ারস’ মেট্রিকটি কীভাবে কাজ করে, তা আগেভাগেই বুঝে নিয়ে মার্কেটিং ও সামাজিক যোগাযোগমাধ্যমের কৌশল হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে।

