...|...|...

সারাদেশ

ফেনীতে থামার সংকেত উপেক্ষা করে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল এসআরবি কর্মকর্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৩
Shares
ফেনীতে থামার সংকেত উপেক্ষা করে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল এসআরবি কর্মকর্তার

মো. আলমগীর হোসেন (৪৬)। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকের ধাক্কায় মো. আলমগীর হোসেন (৪৬) নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১টার দিকে ফেনী সদর উপজেলার ফতেহপুর রেলক্রসিং এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ছিলেন। তিনি প্রেষণে ফেনীর এসআরবি-৭ ক্যাম্পে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি নেত্রকোণার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামে। তিনি ওই এলাকার মৃত নুরউদ্দিন আহমেদের ছেলে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন এসআরবি সদস্যরা। এ সময় একটি কাভার্ডভ্যান তল্লাশির পাশাপাশি অন্য একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাকের ধাক্কায় দায়িত্ব পালনরত ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন গুরুতর আহত হন। পরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের একটি গর্তে পড়ে যায়।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছায় মহিপাল হাইওয়ে পুলিশ। পরে আহত আলমগীর ও ট্রাকচালককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।

মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নোমান জানান, নিহত কর্মকর্তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও তল্লাশির কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকের চাপায় তাদের সদস্য আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।