ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় আবুল কালাম (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী সদর থানার লালপোল এলাকার হক হোটেলের সামনে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের রফিক আহমেদের ছেলে। স্থানীয়ভাবে তার বাড়িটি রফিকের নতুন বাড়ি নামে পরিচিত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক ৫টা ৫০ মিনিটে আবুল কালাম মোটরসাইকেল নিয়ে ফেনী সদর হাসপাতালে রোগী দেখতে বাড়ি থেকে বের হন। পথে মহাসড়কের লালপোল এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তার মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করাসহ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


