দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেলেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় চড়িয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
সোমবার (২ নভেম্বর) মোক্তার আলীর অবসর উপলক্ষে এ আয়োজন করা হয়। তাকে বিদায় জানাতে এগিয়ে আসেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা।
প্রথমে আনুষ্ঠানিকভাবে মোক্তার আলীকে সংবর্ধনা ও সম্মাননা জানানো হয়। পরে ফুল দিয়ে সাজানো একটি রিকশায় তাকে বসিয়ে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সড়ক ঘুরিয়ে বাড়িতে নিয়ে যান সহকর্মীরা। এ সময় তাদের সাথে ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন।
দীর্ঘদিন একসাথে দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীদের সাথে মোক্তার আলীর গড়ে উঠেছিল আন্তরিক সম্পর্ক। কর্মজীবনের নানা স্মৃতি ও একসাথে কাটানো সময়ের গল্পে বিদায় আয়োজনটি হয়ে ওঠে আবেগঘন।
বিদায়ের অনুভূতি জানিয়ে মোক্তার আলী জানান, চাকরিজীবনের শেষ সময়ে সহকর্মীরা তাকে এতটা ভালোবাসা ও সম্মান জানাবেন, তা তিনি কখনো ভাবেননি। এমন আয়োজন তাকে আনন্দিত ও অভিভূত করেছে। সহকর্মীদের এই ভালোবাসা আজীবন মনে রাখবেন তিনি। এ সময় সবার জন্য দোয়া করেন তিনি।
ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন বলেন, মোক্তার আলী অত্যন্ত ভালো মনের মানুষ। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাকে বিদায় জানাতে গিয়ে সবারই খারাপ লাগছে। তার অবসরজীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এটাই তাদের প্রত্যাশা।


