...|...|...

খেলা

ফুটবলের রাজা পেলের জন্মদিন আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, সকাল ৯:৫৬
Shares
ফুটবলের রাজা পেলের জন্মদিন আজ

পেলে। ছবি: সংগৃহীত

ফুটবল ইতিহাসে পেলে এমন এক কিংবদন্তি, যার নামের পাশে রয়েছে তিনটি বিশ্বকাপ জয়ের কীর্তি। ব্রাজিলকে তিনবার বিশ্বচ্যাম্পিয়ন হতে সাহায্য করেন তিনি। ফুটবল মাঠে অসাধারণ দক্ষতা ও গোল করার ক্ষমতা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে।

১৯৫০ সালে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে উরুগুয়ের কাছে হেরে যায় স্বাগতিকরা। সেই হার ব্রাজিলজুড়ে হতাশা ছড়িয়ে দিয়েছিল। সাও পাওলোর এক কিশোর তখন বাবাকে কথা দিয়েছিলেন, একদিন ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন। সেই কিশোরই এডসন আরান্তেস দো নাসিমেন্তো, যিনি বিশ্বজুড়ে পেলে নামে পরিচিত।

১৯৪০ সালের ২৩ অক্টোবর ব্রাজিলের সাও পাওলো রাজ্যের ট্রেস কোরাকয়েসে জন্ম পেলের। বিশ্বখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের নাম অনুসারে তার নাম রাখা হয়েছিল এডসন। ছোটবেলায় বন্ধুরা তাকে ডাকত ‘ডিকো’ নামে। দারিদ্র্যের কারণে ফুটবল কেনার সামর্থ্য ছিল না পরিবারের। তাই পুরোনো মোজায় খবরের কাগজ ভরে বল বানিয়ে খেলতেন তিনি।

গলিতে ফুটবল খেলার সময়ই পেলের প্রতিভা নজরে আসে সাবেক ফুটবলার ওয়ালডেমার ডি ব্রিটোর। তার উদ্যোগে মাত্র ১৫ বছর বয়সে সান্তোস ক্লাবে যোগ দেন পেলে। শুরুতে ক্লাবের ‘বি’ দলে খেললেও অসাধারণ নৈপুণ্যে অল্প সময়ের মধ্যেই মূল দলে জায়গা করে নেন। এরপর দ্রুতই হয়ে ওঠেন ব্রাজিলের অন্যতম ভরসা।

১৯৫৮ সালে সুইডেনে অনুষ্ঠিত বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রথম বিশ্বকাপ জেতেন পেলে। ফাইনালে স্বাগতিক সুইডেনের বিপক্ষে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। ১৯৬২ বিশ্বকাপেও শিরোপা জেতে ব্রাজিল, যদিও চোটের কারণে বেশির ভাগ ম্যাচে খেলতে পারেননি পেলে।

১৯৭০ সালে মেক্সিকো বিশ্বকাপে আবারও নিজের শ্রেষ্ঠত্ব দেখান এই কিংবদন্তি। কার্লোস আলবার্তো, রিভেলিনো ও জাইরজিনহোদের নিয়ে গড়া ব্রাজিল দলটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে স্বীকৃতি পায়। সেই আসরে শিরোপা জিতে তিনটি বিশ্বকাপজয়ী একমাত্র খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়েন পেলে।

ক্যারিয়ারে ১ হাজার ৩৬৬ ম্যাচ খেলে ১ হাজার ২৮৩ গোল করার কৃতিত্ব রয়েছে তার বলে বিভিন্ন পরিসংখ্যানে উল্লেখ করা হয়। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে করেন ৭৭ গোল। দীর্ঘদিন জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা থাকার পর সম্প্রতি তার সেই রেকর্ড ভাঙেন নেইমার।

ইউরোপের বড় ক্লাবগুলোতে পেলের না খেলার পেছনে ছিল বিশেষ পরিস্থিতি। তার অসাধারণ প্রতিভা ও জাতীয় দলের জন্য গুরুত্ব বিবেচনায় ব্রাজিল সরকার তাকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করেছিল। ফলে ইউরোপের ক্লাবগুলোর আগ্রহ থাকলেও তার দেশ ছাড়ার সুযোগ সীমিত হয়ে পড়ে।

২০২২ সালের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান পেলে। কাতার বিশ্বকাপ চলাকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ব্রাজিলের বিদায়ও দেখেছিলেন। তবে ফুটবলে তার অবদান, তিনটি বিশ্বকাপ জয়ের ইতিহাস এবং প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করার ক্ষমতা তাকে চিরস্মরণীয় করে রেখেছে।