আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে জাতীয় দলের স্থায়ী প্রধান কোচ নিয়োগ দিয়েছে কোস্টারিকা। দেশটির সাবেক অধিনায়ক ব্রায়ান রুইজকে এই দায়িত্ব দিয়েছে কোস্টারিকান ফুটবল ফেডারেশন। ৪১ বছর বয়সী রুইজের সামনে এখন ২০৩০ বিশ্বকাপে দলকে জায়গা করে দেওয়ার চ্যালেঞ্জ।
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছিলেন রুইজ। কনকাকাফ নেশনস লিগে তার অধীনে নিকারাগুয়াকে ৩-০ এবং হাইতিকে ২-০ গোলে হারায় কোস্টারিকা। এই সাফল্যের পরই তাকে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। আগামী মাসে ইকুয়েডর ও আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে স্থায়ী কোচ হিসেবে নতুন যাত্রা শুরু করবেন তিনি।
গত সেপ্টেম্বরে আর্জেন্টাইন কোচ ফের্নান্দো বাতিস্তাকে বরখাস্ত করার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান রুইজ। এর আগে মিগেল এররেরার অধীনে ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয় কোস্টারিকা। এবার ২০৩০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করাই হবে নতুন কোচের অন্যতম প্রধান লক্ষ্য।
খেলোয়াড় হিসেবে কোস্টারিকার ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রুইজ। ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে টানা তিনবার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। ২০২২ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টানার আগে টুয়েন্তে, পিএসভি আইন্দহফেন, ফুলহাম, স্পোর্টিং লিসবন ও সান্তোসের মতো ক্লাবে খেলেছেন এই সাবেক ফুটবলার।
কোচিং স্টাফ সাজানোর ক্ষেত্রেও পরিচিত মুখদের বেছে নিয়েছেন রুইজ। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন কোস্টারিকার সাবেক আন্তর্জাতিক ফুটবলার উইলমার লোপেজ ও ক্রিস্তিয়ান বলানিয়োস। এ ছাড়া ওয়ার্ডি আলফারো কোচিং স্টাফে যোগ দেবেন। ফেডারেশনের তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারিতে দায়িত্ব নেবেন তিনি। দলের ভিডিও বিশ্লেষকের দায়িত্বে থাকছেন আরিয়েল গনসালেস।
স্থায়ী কোচ হিসেবে আগামী ১৩ নভেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে রুইজের দল। এরপর চার দিন পর নিজেদের মাঠে আর্জেন্টিনার মুখোমুখি হবে কোস্টারিকা। বিশ্বকাপের প্রস্তুতি ও দলের সামর্থ্য যাচাইয়ের ক্ষেত্রে এই দুই প্রীতি ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


