...|...|...

খেলা

বাংলাদেশের সমালোচনা নয়, ঐতিহাসিক জয়ের কথাই মনে করালেন আফগান কোচ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০৯
Shares
বাংলাদেশের সমালোচনা নয়, ঐতিহাসিক জয়ের কথাই মনে করালেন আফগান কোচ

আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস। ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত থেকে ফাইনালে উঠেছে আফগানিস্তান। ব্যাটিং ও বোলিংয়ে দাপট দেখিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেছে দলটি। তবে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনা করতে রাজি নন আফগানিস্তানের প্রধান কোচ রিচার্ড পাইবাস।

বাংলাদেশের দেশের বাইরে খেলা সর্বশেষ ১৬ ওয়ানডের ১৪টিতে হারের প্রসঙ্গ উঠলে পাইবাস বলেন, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে পারছি না। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। এখানে আসার আগে তারা অস্ট্রেলিয়াতে দারুণ একটি জয় পেয়েছে, ঐতিহাসিক জয় ছিল।’ আগামী ২৩ অক্টোবর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের প্রসঙ্গ টেনে পাইবাস মনে করেন, ক্রিকেটে দলগুলোর উত্থান-পতন স্বাভাবিক বিষয়। বাংলাদেশের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে সরাসরি মন্তব্য না করে তিনি দলটির আগের সাফল্যকে গুরুত্ব দিয়েছেন।

কোচিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে পাইবাস বলেন, ‘কোচ হিসেবে বিভিন্ন ধাপে আমাদের কাজ করতে হয়। বিভিন্ন ধাপে বিভিন্ন স্কোয়াড নিয়ে কাজ করতে হয়। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের জয়টা তাদের তৈরি করা বেঞ্চমার্ক ছিল। আমরা যখন ভারতের বিরুদ্ধে খেলেছি, তখনও নিজেদের সেরাটা দিতে চেয়েছিলাম। সেখান থেকেও আমরা কিছু শিক্ষা নিয়েছি। ক্রিকেট দলগুলোকে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতেই হয়।’

বাংলাদেশের বিপক্ষে টানা পাঁচ ওয়ানডেতে জয় না পাওয়ার রেকর্ড নিয়েও কথা বলেছেন আফগান কোচ। আগের চার ম্যাচে তিনি দলের দায়িত্বে না থাকায় সেসব নিয়ে মন্তব্য করতে চাননি। তবে সর্বশেষ ম্যাচের পারফরম্যান্স নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন তিনি।

পাইবাস বলেন, ‘আগের চার ম্যাচ নিয়ে আমি কিছু বলতে পারব না, কারণ তখন আমি এই দলের কোচ ছিলাম না। এই ম্যাচ নিয়ে বলতে গেলে, পাওয়ার প্লে'টা মিশ্র ধরনের ছিল। কিছুটা বিশৃঙ্খল বোলিং হয়েছে আমাদের। এর সাথে দারুণ বোলিংও ছিল। ম্যাচটা আমরা নিজেদের হাতে রেখেছি। আবুধাবিতেও খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ ছিল। আমি বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে চাই না।’

লিগ পর্বে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। এবার শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ২৩ অক্টোবর শারজাহতে দুই দলের এই লড়াইয়ের মধ্য দিয়ে পর্দা নামবে ত্রিদেশীয় সিরিজের।