...|...|...

বিশ্ব

ফিলিস্তিনের পক্ষে কনসার্ট, যুক্তরাষ্ট্রের ৯ ভেন্যুতে বাধার মুখে মার্কিন র‍্যাপার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, রাত ৮:২৫
Shares
ফিলিস্তিনের পক্ষে কনসার্ট, যুক্তরাষ্ট্রের ৯ ভেন্যুতে বাধার মুখে মার্কিন র‍্যাপার

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের সমর্থনে কনসার্ট আয়োজন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নয়টি বড় ভেন্যু থেকে প্রত্যাখ্যাত হওয়ার অভিযোগ করেছেন গ্র্যামি বিজয়ী মার্কিন র‍্যাপার ম্যাকলমোর। তার দাবি, ‘ফ্রি প্যালেস্টাইন’ সফরের অংশ হিসেবে অনুষ্ঠানগুলো আয়োজনের পরিকল্পনা জানার পরই ভেন্যু কর্তৃপক্ষ অনুমতি দিতে অস্বীকৃতি জানায়।

বার্তাসংস্থা আনাদোলু জানায়, সম্প্রতি ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘবিবৃতিতে এসব অভিযোগ তুলে ধরেন এই সংগীতশিল্পী।

ম্যাকলমোর জানান, ডাবলিন, প্যারিস ও লন্ডনে সফল কনসার্টের পর যুক্তরাষ্ট্রেও একই ধরনের আয়োজনের পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু কয়েক সপ্তাহ যোগাযোগের পরও নয়টি বড় ভেন্যু তাঁদের ফিরিয়ে দেয়।

ভেন্যুগুলোর মধ্যে রয়েছে ম্যাডিসন স্কয়ার গার্ডেন, প্রুডেনশিয়াল সেন্টার, বার্কলেস সেন্টার, ইউবিএস এরিনা, ইনটুইট ডোম, কিয়া ফোরাম, ক্রিপ্টো ডটকম এরিনা, চেজ সেন্টার ও ক্লাইমেট প্লেজ এরিনা।

তার দাবি, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এসব ভেন্যুতে বছরের শেষ পর্যন্ত কিছু তারিখ খালি পাওয়া গিয়েছিল। কিন্তু কনসার্টের উদ্দেশ্য জানার পরই সব সুযোগ বন্ধ হয়ে যায়।

ম্যাকলমোর বলেন, ‘সব দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল।’ দুই দশকের বেশি সময় ধরে সংগীত সফর করলেও এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি বলে জানান তিনি।

বিনোদনজগতের প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী শিল্পীদের কণ্ঠরোধের অভিযোগও করেন এই র‍্যাপার। তার মতে, মতপ্রকাশের স্বাধীনতার চেয়ে বাণিজ্যিক স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা এমন একটি দেশে বাস করি, যা বাকস্বাধীনতার জন্য গর্ববোধ করে।’ একজন শিল্পী কোন বিষয়কে সমর্থন করবেন, তা প্রভাবশালী ব্যক্তিরা কীভাবে নির্ধারণ করেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

ম্যাকলমোর জানান, ইউরোপে তার তিনটি কনসার্টের সব টিকিট বিক্রি হয়েছিল। সেখানে হাজারো দর্শকের পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে ৪০ জনের বেশি শিল্পী ও বক্তা অংশ নেন।

তবে যুক্তরাষ্ট্রে বাধার মুখে পড়লেও ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহ ও কনসার্ট আয়োজন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

ম্যাকলমোর বলেন, ‘ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং তাঁদের জন্য তহবিল সংগ্রহের বিষয়ে আমাদের অঙ্গীকার অটুট রয়েছে। আমরা নিজেরাই আমাদের মঞ্চ তৈরি করে নেব।’