ফিলিস্তিনের পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা গাদি আইজেনকোট। একই সাথে এসব হামলা বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকারের তীব্র সমালোচনা করেছেন তিনি।
রবিবার (২২ নভেম্বর) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে যানবাহন ও সম্পত্তিতে অগ্নিসংযোগ করেন ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এর পরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট।
তিনি বলেন, ‘এসব হামলা সব অর্থেই ইহুদি সন্ত্রাসবাদ।’ একই সঙ্গে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচের কর্মকাণ্ড পশ্চিম তীরকে নিয়ন্ত্রণহীন বিশৃঙ্খলার দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক আটক, গোয়েন্দা সংস্থা শিন বেতের অভিযান এবং কঠোর নিষেধাজ্ঞাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান আইজেনকোট।
এদিকে বিরোধী নেতা ইয়ার লাপিদও এসব সহিংসতার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেছেন। তার অভিযোগ, সরকারের অপরাধমূলক অবহেলা এবং মন্ত্রীদের নীরবতা বসতি স্থাপনকারীদের হামলায় উৎসাহ জোগাচ্ছে।
ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান সতর্ক করে বলেছেন, পশ্চিম তীর বর্তমানে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতিতে রয়েছে। সহিংসতা বন্ধ না হলে তৃতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা বা গণঅভ্যুত্থান শুরু হতে পারে। একইভাবে পার্লামেন্ট সদস্য নোয়াম টিবন বলেছেন, এ ধরনের সন্ত্রাসবাদ বন্ধ করা না গেলে তা ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, শনিবার রাতে পশ্চিম তীরের দেইর আল-সুদান, কাফর মালিক, দেইর আবু মাশাল, আল-তুওয়ানি ও দেইর বাল্লুত এলাকায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ তদন্ত শুরুর কথা জানালেও কাউকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি।
ফিলিস্তিনের উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা মোট ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৬৪টি হামলার জন্য সেনাবাহিনী এবং ১ হাজার ৩৬৯টির জন্য বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়েছে।
এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি সম্প্রসারণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সম্প্রতি ইসরায়েলের কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ নতুন সরকার গঠনের জন্য গাদি আইজেনকোটকে ২৮ দিনের সময় দেন। প্রয়োজনে এ সময় আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে। তবে সরকার গঠনের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।


