...|...|...

সারাদেশ

ফাইনালে আলীকদমকে হারিয়ে চ্যাম্পিয়ন বান্দরবান সদর

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, রাত ৮:১৬
Shares
ফাইনালে আলীকদমকে হারিয়ে চ্যাম্পিয়ন বান্দরবান সদর

ছবি: টাইমস টুডে

উত্তেজনাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। পুরুষ বিভাগের ফাইনালে আলীকদম উপজেলা দলকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান সদর উপজেলা দল।

রবিবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে নির্ধারিত সময়ে একটি গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে বান্দরবান সদর।

এর আগে নারী বিভাগের গ্র্যান্ড ফাইনালে থানচি উপজেলা নারী দলকে চ্যাম্পিয়ন এবং বান্দরবান সদর উপজেলা নারী দলকে রানার্সআপ হিসেবে ঘোষণা করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী ও পুরুষ দল অংশ নেয়। টুর্নামেন্টজুড়ে প্রতিটি ম্যাচ ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান রিজিয়ন ও ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বান্দরবান সদর জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদসহ প্রশাসন, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে নারী বিভাগে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মাপ্রুচিং মারমা। সেরা গোলকিপার রিংকি মারমা এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দীপা চাকমা।

পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মো. জাফর। সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন ইমন বড়ুয়া। আর ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন মো. জাফর।

আয়োজকরা বলছেন, শুধু প্রতিযোগিতা নয়, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

গ্র্যান্ড ফাইনাল, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।