ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বরোড গোলচত্বরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিশ্বরোড গোলচত্বরে এক্সপ্রেসওয়ের খুলনা লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে কলেজশিক্ষার্থী স্বাধীন হোসেন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার হাজরাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজুল কাজী (২০)। এজাজুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
আহতরা হলেন, ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত খানের ছেলে রাজন খান এবং জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঘোরাঘুরির উদ্দেশ্যে দুটি মোটরসাইকেলে করে চার যুবক বিশ্বরোড গোলচত্বরে আসেন। এ সময় স্বাধীন ও তার সহযোগী একটি মোটরসাইকেলে জিয়াকুলির দিকে যাচ্ছিলেন।
অপরদিকে রাজন ও নাসিমের মোটরসাইকেলটি দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। একপর্যায়ে দ্রুতগতির মোটরসাইকেল দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চার আরোহীই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয় বাসিন্দা রহিম ফকির বলেন, মোটরসাইকেল দুটি বেপরোয়া গতিতে চলার কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অপর দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


