...|...|...

সারাদেশ

ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২৯
Shares
ফরিদপুরে আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে দফায় দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

উপজেলার গট্টি ইউনিয়নের খদ্দ-লক্ষনদিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গট্টি ইউনিয়নের খদ্দ-লক্ষনদিয়া গ্রামের সাবেক চেয়ারম্যান লাভলু ও তিহার উদ্দীন সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার খদ্দ-লক্ষনদিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুনরায় বিরোধ সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে সংঘর্ষে নেতৃত্বদানকারী উভয় পক্ষের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

এদিকে, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।