...|...|...

সারাদেশ

গাজীপুরে ডাম্পট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:৫১
Shares
গাজীপুরে ডাম্পট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন শামীম মিয়া (৪৫)। তিনি নেত্রকোনার কেন্দুয়া এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনার সময় সিএনজিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটির সাথে সেটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানই সড়কের পাশে পড়ে যায়।

পুলিশের এই কর্মকর্তা জানান, সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত চারজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি। দুর্ঘটনার পর ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা দুটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।