চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অটোরিকশাচালককে আটক করলেও গুলিবর্ষণে অংশ নেওয়া পাঁচজন পালিয়ে গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার চুরখারহাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চুরখারহাট বাজারে আসেন। তাদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন।
পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান তারা। সেখানে আরও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান।
গুলিতে আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তারা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।
জাবেদ হোসেন জানান, নাজিরহাটের ঝংকার মোড় থেকে শোভনছড়ি যাওয়ার কথা বলে দুই ব্যক্তি তার অটোরিকশাটি ভাড়া করেন। পরে শোভনছড়ি থেকে আরও তিনজন তাদের সাথে যোগ দেন। পাঁচজনকে নিয়ে চুরখারহাট বাজারে পৌঁছানোর পর অটোরিকশায় বসেই তারা গুলি ছুড়তে শুরু করেন। পরে তারা অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। ওই পাঁচজনের সবার কাছে অস্ত্র ছিল বলেও দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হাসান বলেন, অটোরিকশায় করে পাঁচজন ব্যক্তি এসে বাজারের মোড়ে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে অটোরিকশাচালককে আটক করেন। অন্যরা পালিয়ে গেছেন।
ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এখনো রয়েছি। পরিস্থিতি শান্ত। সিএনজি ও চালক আটক আছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত অপরাধীদের শনাক্ত করা যাবে।'


