...|...|...

রাজশাহী

প্রেমে ব্যর্থ, দুধ দিয়ে গোসল করে নতুন জীবনে ফেরার ঘোষণা তরুণের

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, রাত ১১:৪১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৬:০১
Shares
প্রেমে ব্যর্থ, দুধ দিয়ে গোসল করে নতুন জীবনে ফেরার ঘোষণা তরুণের

প্রেমে ব্যর্থ হয়ে কেউ গান লেখেন, কেউ ফেসবুকে স্ট্যাটাস দেন। তবে জয়পুরহাটের ক্ষেতলালের তারিকুল ইসলাম যা করলেন, তা বেশ ব্যতিক্রমী। পুরোনো প্রেমকে বিদায় জানাতে দুধ দিয়ে গোসল করে নতুন জীবনে ফেরার ঘোষণা দিয়েছেন ২৫ বছর বয়সী এই তরুণ।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তারিকুল উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল শুরু করেন তারিকুল। বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। একপর্যায়ে তাকে ঘিরে জড়ো হন উৎসুক মানুষ। দুধ দিয়ে গোসল শেষে নিজের পুরোনো প্রেমের সম্পর্ক থেকে সরে আসার ঘোষণা দেন তিনি।

কেন এমন আয়োজন-জানতে চাইলে তারিকুল জানান, একসময় তিনি একজনকে ভালোবেসেছিলেন। কিন্তু সেই সম্পর্ক শেষ পর্যন্ত তাকে হতাশা ও কষ্ট দিয়েছে। তাই সম্পর্কটির ইতি টানার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই সিদ্ধান্তের প্রতীক হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন।

তারিকুল বলেন, আমি এক বেঈমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি।

তিনি আরও বলেন, আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।

তারিকুলের এমন ব্যতিক্রমী ‘ব্রেকআপ আয়োজন’ মুহূর্তেই স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয়। কেউ অবাক হয়ে ঘটনাটি দেখেছেন, কেউ আবার বিষয়টি নিয়ে করেছেন নানা মন্তব্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পরও এ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

প্রেমের সম্পর্কের ইতি টানতে দুধ দিয়ে গোসল-ঘটনাটি নিঃসন্দেহে ব্যতিক্রমী। তবে তারিকুলের দাবি, এটি নিছক আয়োজন নয়; বরং অতীতের কষ্টকে পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করার প্রতীকী সিদ্ধান্ত।