সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় প্রেমিকার বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরের পর উপজেলার জটিবাড়ি গ্রামের একটি আমবাগান থেকে রাকিবের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাকিব লেখেন, তিনি আর মানসিক কষ্ট সহ্য করতে পারছেন না এবং সবাইকে ক্ষমা করে দিতে অনুরোধ করেন। একই সাথে তিনি কোথায় আছেন সে সম্পর্কেও ইঙ্গিত দেন এবং তার লাশ যেন ময়নাতদন্ত না করা হয়, এমন অনুরোধও জানান।
পোস্টটি দেখার পর স্থানীয়রা আমবাগানে গিয়ে একটি গাছের সাথে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এর আগে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে রাকিব দাবি করেন, তিনি ও এক তরুণী পরস্পরকে ভালোবাসতেন। তবে তরুণীর পরিবারের সদস্যরা তাদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক বিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। ওই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রিয় মানুষটিকে না পেলে তিনি নিজের জীবন শেষ করে দেবেন। পাশাপাশি নিজের মৃত্যুর জন্য তরুণীর পরিবারের কয়েকজন সদস্যকে দায়ী করেও মন্তব্য করেন।
তবে ফেসবুকে করা এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


