...|...|...

সারাদেশ

প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় কিশোরের গলায় ফাঁস

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৭
Shares
প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় কিশোরের গলায় ফাঁস

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা মহসিন আল নাঈম (১৭)। ছবি: টাইমস টুডে

নেত্রকোনার দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়া এবং সরাসরি প্রত্যাখ্যাত হওয়ার পর মহসিন আল নাঈম (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুর্গাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাধুপাড়া এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত নাঈম দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মতিউর রহমান ও মারুফা আক্তার দম্পতির ছেলে। তারা দীর্ঘদিন ধরে পৌরসভার সাধুপাড়া এলাকায় নিজেদের বাড়িতে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় এক ইউপি সদস্যের মেয়ের সাথে নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। উভয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পারিবারিকভাবে বিয়ের বিষয়টি নাকচ করে দেয় মেয়েটির পরিবার। পরে মেয়েটির অন্যত্র বিয়ে ঠিক করা হয়। সোমবার বিয়ের কেনাকাটা করতে দুর্গাপুর বাজারে গেলে ওই মেয়ের সাথে নাঈমের দেখা হয়। এ সময় মেয়েটি তাকে সরাসরি প্রত্যাখ্যান করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, বাজার থেকে বাড়ি ফিরে নাঈম তার মাকে পুরো ঘটনা জানায়। এরপর নিজের শয়নকক্ষে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে সাদা প্লাস্টিকের রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের সদস্যরা টের পেয়ে রাত ১২টার দিকে দরজা ভেঙে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের মা এ ঘটনার জন্য প্রেমিকা ও তার বাবাকে দায়ী করে শাস্তির দাবি জানিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।