প্রায় দেড় দশক আগে গুঞ্জন উঠেছিল বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার প্রেমে মজেছেন অস্ট্রেলিয়ান পেস বোলিং কিংবদন্তি ব্রেট লি। দীর্ঘকাল নীরব থাকার পর অবশেষে বলিউড তারকা প্রীতির সঙ্গে সেই বহুল আলোচিত প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি মুখ খুলেছেন এই অজি তারকা। প্রীতির সঙ্গে সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করে ব্রেট লি জানান, প্রীতির সঙ্গে তার সম্পর্ক স্রেফ বন্ধুত্বের, এর বাইরে কিছু নয়।
ভারতীয় সংবাদমাধ্যম 'বোম্বাই টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে অতীতের এই গুঞ্জন উড়িয়ে দিয়ে ব্রেট লি বলেন,‘আপনাদের জন্য বিশেষ খবর—আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা ও আমি দারুণ বন্ধু ছিলাম এবং এখনও আছি। সে সময় সে পাঞ্জাব দলের মালিক ছিল। প্রীতি একজন অত্যন্ত বুদ্ধিমতী নারী এবং তার প্রতি আমার অনেক শ্রদ্ধা রয়েছে।’
২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমানে পাঞ্জাব কিংস) যোগ দেন ব্রেট লি। প্রীতি জিনতা ছিলেন সেই ফ্র্যাঞ্চাইজির সহমালিক। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার আগে টানা তিন মৌসুম পাঞ্জাবের হয়ে খেলেন এই পেসার। মাঠে ও মাঠের বাইরে তাদের রসায়ন দেখে সেই সময় দুজনের প্রেম নিয়ে গুঞ্জন ডালপালা মেলে।
প্রেমের এই খবর নিয়ে কখনোই মাথা ঘামাননি জানিয়ে ব্রেট লি বলেন,‘এই ধরনের গালগল্প আমাকে কখনো বিচলিত করেনি। কারণ আমি সবসময় সত্যিটা জানতাম। লোকেরা যা জল্পনা করার করুক, আমি কখনোই তার প্রভাব নিজের ওপর পড়তে দিইনি।’
দীর্ঘ দুই দশক ধরে লি এই বিষয়ে নীরব থাকলেও ২০১০ সালেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন প্রীতি জিনতা। সে সময় অজি তারকার সঙ্গে প্রেমের খবরকে ‘বাসি ও সেকেলে’ আখ্যা দিয়ে প্রীতি বলেছিলেন,‘প্রতি বছর ব্রেটের সঙ্গে আমার প্রেমের গুঞ্জন ছড়ায়। এসব এখন বাসি খবর, নতুন কিছু নেই। ব্রেট কেবলই আমার ভালো বন্ধু।’

