...|...|...

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৫৬ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:০১
Shares
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকের শুরুতে প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় সশস্ত্র বাহিনীর পেশাগত মানোন্নয়নে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি চালু, সামরিক কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক ক্ষেত্রে নেওয়া বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গভীর সামরিক ও কৌশলগত সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং নিরাপত্তাসংক্রান্ত অভিন্ন স্বার্থের ক্ষেত্রগুলোতে একসাথে কাজ করার বিষয়ে ভারতের অব্যাহত অঙ্গীকার রয়েছে।

উভয় পক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নিজেদের প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিবেশী দুই দেশ একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।