...|...|...

সারাদেশ

প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:২০
Shares
প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং উপজেলায় মিনি স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করে মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়া নিয়ে নানা পরিকল্পনা করছেন। ক্ষমতায় আসার পর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর মাধ্যমে দেশের তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের উদ্যোগ নেওয়া হয়েছে। খেলাধুলার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার পাশাপাশি তাদের বিকাশের সুযোগ তৈরি করা হবে। প্রতিটি ইউনিয়নে মাঠ সংরক্ষণ এবং উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।

নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াইহাজারে অনেক ভালো খেলোয়াড় রয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তাদের অনেকে ঢাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে অনুশীলন করতে পারেন না। তিনি বলেন, ‘আমি, নজরুল ইসলাম আজাদ, বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।’

রাকিবুল ইসলাম রাকিব বলেন, মাদক থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। আড়াইহাজারের অনেক খেলোয়াড় আর্থিক সংকটের কারণে অবহেলিত হচ্ছেন উল্লেখ করে তিনি প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন, যাতে এসব খেলোয়াড়ের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

জাতীয় ক্রীড়া পরিষদ ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামটি স্থানীয় খেলোয়াড়দের অনুশীলন ও ক্রীড়া চর্চার সুযোগ বাড়াবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।