...|...|...

জাতীয়

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৩৪ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪১
Shares
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সামরিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও আধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের বিষয়ে সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ও ইতালি। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এ সময় দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয়ে মতবিনিময় হয়। প্রতিরক্ষা খাতে সক্ষমতা উন্নয়ন, সামরিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার সম্ভাব্য ক্ষেত্রগুলো আলোচনায় গুরুত্ব পায়।

এ ছাড়া আধুনিক সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষাসামগ্রী সংগ্রহের সম্ভাবনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভবিষ্যৎ সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই পক্ষ। যৌথ প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের বিষয়টিও বৈঠকে উঠে আসে।

এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ ও ইতালির ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। প্রতিরক্ষা শিল্পের বিকাশ এবং সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ইতালির অব্যাহত সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।

অন্যদিকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ইতালির অংশীদারত্ব ও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করে, নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও সংলাপের মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।