...|...|...

রাজনীতি

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ হবে: মীর শাহে আলম

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, রাত ৮:২৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:৩৭
Shares
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ হবে: মীর শাহে আলম

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বগুড়ায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে সরকারি জায়গায় একটি করে খেলার মাঠ তৈরি করা হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে শহীদ চান্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। অনুষ্ঠানে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, কাজী রফিকুল ইসলাম এমপি, সুরাইয়া জেরিন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, খেলাধুলার প্রসারে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে সরকারি জায়গায় একটি করে খেলার মাঠ তৈরি করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বগুড়া শহরের তিনমাথা এলাকায় প্রায় ১৩০ কোটি টাকা ব্যয়ে প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে। খেলাধুলাকে সারাদেশে ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের অবসরকালীন ভাতা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী ম্যাচে সারিয়াকান্দি উপজেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে দুপচাঁচিয়া উপজেলা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দল ১-১ গোলে সমতায় থাকায় টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারণ করা হয়।

এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলা ও বগুড়া সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ৩ লাখ টাকা এবং রানার্সআপ দলকে দেড় লাখ টাকা প্রাইজমানি দেওয়া হবে। প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ পাবেন ট্রফি ও ১২ হাজার টাকা। এছাড়া প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতাকে ট্রফির সাথে ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।

প্রতিযোগিতাকে আরও আকর্ষণীয় করতে প্রতিটি দলে দুজন বিদেশি ও দুজন দেশি খেলোয়াড় দলভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

উদ্বোধনী ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রথম দিনেই দর্শকে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে হাজারো দর্শক আশপাশের বহুতল ভবনের ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন। সব মিলিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপকে ঘিরে বগুড়ায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।