পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ক্রাকো শহরের ঐতিহাসিক পর্যটনকেন্দ্রে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। তাঁদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার কিছু পরে শহরের ব্যস্ত মেইন মার্কেট স্কয়ারের কাছে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এপি ও পোলিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্থানীয় রেডিও আরএমএফ এফএমের তথ্য অনুযায়ী, স্লাভকোভস্কা সড়ক দিয়ে একটি গাড়িতে করে এসে বন্দুকধারী প্রধান চত্বরের দিকে যাওয়ার সময় সাধারণ মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালান।
গুলিবর্ষণের ঘটনায় একটি দোকান ও একটি ট্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। আহতদের উদ্ধারে একটি এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টারও সেখানে অবতরণ করে।
পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে। পুলিশের গুলিতে আহত হওয়ার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে তিনি নিয়মিত পরিস্থিতির হালনাগাদ তথ্য পাচ্ছেন।
তবে হামলাকারীর পরিচয় ও গুলিবর্ষণের উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


