ডিজিটাল অটোমেশনের মাধ্যমে পেপারলেস ও ক্যাশলেস বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৭ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি পেপারলেস করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
উপাচার্য বলেন, ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ক্যাশলেস করা হয়েছে। অল্প কিছু ক্ষেত্রে নগদ অর্থের ব্যবহার থাকলেও তা শিগগিরই পুরোপুরি বন্ধ করা হবে। এর মাধ্যমে একটি সম্পূর্ণ ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে।
তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পুরোপুরি পেপারলেস করার লক্ষ্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে। ফলে কোনো ধরনের প্রিন্ট আউটের প্রয়োজন হবে না।
পরীক্ষা ব্যবস্থায় ডিজিটাল অটোমেশনের অগ্রগতি তুলে ধরে অধ্যাপক আমানুল্লাহ বলেন, কোনো পরীক্ষা সকাল ১০টায় শুরু হলে মাত্র ১৫ মিনিটের মধ্যেই কতজন শিক্ষার্থী উপস্থিত ও অনুপস্থিত রয়েছেন, সেই তথ্য পাওয়া যাচ্ছে।
তিনি জানান, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত প্রায় ৪০ লাখ শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। এর মধ্যে গত সাত মাসেই পরীক্ষা দিয়েছেন ১৬ লাখ শিক্ষার্থী।
দ্রুততম সময়ে পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রেও জাতীয় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে বলে জানান উপাচার্য। তিনি বলেন, আগামী ১ অক্টোবর অক্সফোর্ড অ্যাসেসমেন্ট অথরিটির একটি প্রতিনিধি দল জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থা পর্যালোচনা করতে আসবে। তাদের প্রস্তাবিত ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব হলে দুই সপ্তাহের মধ্যে যেকোনো পাবলিক পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


