গাজীপুরের কালিয়াকৈরে পেট্রলবোমা বিস্ফোরণ ও মহাসড়কে নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর বাজারের ইবনে সিনা ফার্মার সামনে এবং পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় ঝটিকা মিছিল বের করেন। এ সময় তারা মহাসড়কে পেট্রলবোমা নিক্ষেপ করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পাঁচটি পেট্রলবোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের ১০ দিনের রিমান্ড আবেদনসহ গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।


