বাঙালির প্রতিদিনের খাবারে ডাল একটি পরিচিত ও জনপ্রিয় পদ। ভাতের সঙ্গে মসুর, মুগ, মাসকলাই কিংবা ছোলার ডাল খেতে পছন্দ করেন অনেকেই। সহজে রান্না করা যায় এবং উদ্ভিজ্জ প্রোটিনের ভালো উৎস হওয়ায় ডাল স্বাস্থ্যকর খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ। তবে ডাল কীভাবে ভিজিয়ে রাখা হচ্ছে এবং কোন পদ্ধতিতে রান্না করা হচ্ছে, তার ওপর পুষ্টি উপাদানের প্রাপ্যতা অনেকটাই নির্ভর করে।
পুষ্টিবিদদের মতে, রান্নার আগে ডাল ভিজিয়ে রাখা এবং সঠিক তাপমাত্রায় রান্না করার মতো কিছু সাধারণ অভ্যাস পুষ্টি উপাদান ব্যবহারের উপযোগিতা বাড়াতে সাহায্য করতে পারে।
রান্নার আগে ডাল ভিজিয়ে রাখবেন কতক্ষণ?
ডালে প্রোটিন, খাদ্যআঁশ, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদানের পাশাপাশি ফাইটেটের মতো কিছু প্রাকৃতিক যৌগ থাকে। এসব যৌগ আয়রন ও জিঙ্কের মতো খনিজ শোষণে কিছুটা বাধা দিতে পারে। ডাল ভিজিয়ে রাখলে এসব উপাদানের পরিমাণ কিছুটা কমতে পারে। পাশাপাশি ডাল নরম হয় এবং রান্না করতে তুলনামূলক কম সময় লাগে। তবে সব ধরনের ডাল একই সময় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই।
- মুগ ও মসুর ডাল: সাধারণত ১ থেকে ২ ঘণ্টা ভিজিয়ে রাখা যেতে পারে। ভাঙা মসুর ডাল না ভিজিয়েও রান্না করা যায়।
- ছোলা বা ছোলার ডাল: প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা ভিজিয়ে রাখলে রান্না সহজ হয়।
- অড়হর ডাল: সাধারণত ২ থেকে ৩ ঘণ্টা ভিজিয়ে রাখা যেতে পারে।
- রাজমা: প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখা ভালো। তবে রাজমা নিরাপদে খাওয়ার জন্য পর্যাপ্ত সময় ফুটিয়ে সম্পূর্ণ সেদ্ধ করা অত্যন্ত জরুরি।
ভিজিয়ে রাখা পানি ফেলে দেবেন কি?
অনেকেই ডাল ভেজানোর পর সেই পানি ফেলে নতুন পানি দিয়ে রান্না করেন। এতে পানিতে দ্রবণীয় কিছু পুষ্টি উপাদান নষ্ট হতে পারে। তবে ভেজানোর পানিতে ফাইটেটসহ কিছু অবাঞ্ছিত উপাদানও বেরিয়ে আসতে পারে।খনিজ শোষণে বাধা দেওয়া কিছু যৌগ কমাতে ভেজানো পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে রাজমার ক্ষেত্রে ভেজানো পানি ফেলে দেওয়া এবং নতুন পানিতে ভালোভাবে ফুটিয়ে রান্না করা জরুরি।
ডাল রান্নার সময় যেসব বিষয়ে খেয়াল রাখবেন
ডাল প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে রান্না না করাই ভালো। কারণ দীর্ঘক্ষণ উচ্চ তাপে রান্না করলে কিছু তাপসংবেদনশীল ভিটামিনের পরিমাণ কমে যেতে পারে।রান্নার সময় প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করুন। ডালের ঝোলসহ খেলে পানিতে মিশে যাওয়া কিছু পুষ্টি উপাদানও খাবারের সাথে গ্রহণ করা সম্ভব।
এ ছাড়া ডালে অতিরিক্ত তেল ও লবণ ব্যবহার না করে পরিমিত মসলা এবং শাকসবজি যোগ করা যেতে পারে। এতে খাবারের স্বাদ ও পুষ্টিমান দুটোই বাড়তে পারে।
সব মিলিয়ে, ডাল পুষ্টিকর হলেও সঠিকভাবে প্রস্তুত ও রান্না করা গুরুত্বপূর্ণ। ডালের ধরন অনুযায়ী ভিজিয়ে রাখা, পরিষ্কার পানি ব্যবহার এবং পর্যাপ্ত সেদ্ধ করার মাধ্যমে এর পুষ্টিগুণ ও খাদ্যনিরাপত্তা বজায় রাখা সম্ভব।


