...|...|...

বিশ্ব

পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, রাত ১০:১৪ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬, রাত ১০:২২
Shares
পুত্রবধূর সব রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনেইয়ের সুলতান

ছবি: সংগৃহীত

আচরণ ‘অশোভন’ হওয়ার অভিযোগে নিজ পুত্রবধূর সব রাজকীয় উপাধি ও মর্যাদা প্রত্যাহার করে নিয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। শুক্রবার (১৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

চলতি মাসের শুরুতে ব্রুনাই দারুস সালামের গ্র্যান্ড চেম্বারলেইনের কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুলতানের আদেশে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুলতানের প্রতি চরম অসম্মান প্রদর্শন এবং রাজপরিবারের সদস্যের স্ত্রী হিসেবে অনুপযুক্ত আচরণের কারণে পেঙ্গিরান রাবিয়াতুল আদাউইয়াহর উপাধি কেড়ে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাবিয়াতুল তার ‘ইয়াং আমাত মুলিয়া পেঙ্গিরান আনাক ইস্তেরি’ মর্যাদাপূর্ণ উপাধিটি হারিয়েছেন।

৩৩ বছর বয়সী রাবিয়াতুল আদাউইয়াহ ব্রুনাইয়ের সিংহাসনের চতুর্থ উত্তরাধিকারী ৪৩ বছর বয়সী প্রিন্স আবদুল মালিকের স্ত্রী। রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম আরটিবি নিউজ জানায়, তার আচরণ রাজতন্ত্রের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন করেছে। তবে তিনি ঠিক কী ধরনের অপরাধ করেছেন, সে বিষয়ে বিস্তারিত বা স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।

রাজতন্ত্র পর্যবেক্ষকরা বলছেন, সুলতান বলকিয়াহ ২০০৩ সালে দ্বিতীয় স্ত্রী মারিয়াম এবং ২০১০ সালে তৃতীয় স্ত্রী আজরিনাজ মাজহার হাকিমের সঙ্গে বিচ্ছেদের পর তাদের রাজকীয় উপাধি কেড়ে নিয়েছিলেন। তবে রাবিয়াতুলের ঘটনাটি ভিন্ন, কারণ প্রিন্স আবদুল মালিকের সাথে তার বিবাহবিচ্ছেদ ঘটেছে কি না, সে বিষয়ে কোনো সরকারি ঘোষণা আসেনি।

২০১৫ সালে বন্দর সেরি বেগাওয়ানের রাজপ্রাসাদে ১০ দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাবিয়াতুলকে বিয়ে করেন প্রিন্স আবদুল মালিক। এই দম্পতির চার কন্যাসন্তান রয়েছে। মায়ের মর্যাদা প্রত্যাহার করা হলেও সন্তানদের রাজকীয় উপাধিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, বোর্নিও দ্বীপে অবস্থিত ক্ষুদ্র কিন্তু বিপুল ধনী দেশ ব্রুনাইয়ের সর্বময় ক্ষমতার অধিকারী ৮০ বছর বয়সী সুলতান হাসানাল বলকিয়াহ। ১৯৬৮ সালে দায়িত্ব নেওয়া বলকিয়াহ বর্তমানে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ধরে শাসন পরিচালনা করা রাজা।