পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই দেশটির জাতীয় দলের প্রধান নির্বাচক হওয়ার খবর উড়িয়ে দিয়েছেন সাবেক তারকা পেসার শোয়েব আক্তার। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই কিংবদন্তি জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে কোনোভাবেই যুক্ত হওয়ার আগ্রহ নেই তার।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান ৩-০ ব্যবধানে হারের পর দেশটির ক্রিকেটে বড় ধরনের পরিবর্তনের গুঞ্জন শুরু হয়। কোচিং স্টাফ ও নির্বাচক কমিটিতে রদবদলের খবরের মধ্যে প্রধান নির্বাচক হিসেবে শোয়েব আক্তারের নামও আলোচনায় আসে। তবে এসব খবরকে সরাসরি ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি।
পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে শোয়েবকে তার পুরোনো একটি বক্তব্যের কথা মনে করিয়ে দেওয়া হয়। সেখানে বলা হয়, একসময় তার মা তাকে পিসিবি ও পাকিস্তানের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন। এ বিষয়ে পাকিস্তানের পিটিভি স্পোর্টসে সরাসরি প্রশ্নের মুখে শোয়েব বলেন, ‘এমন কিছুই নেই। যা বলা হচ্ছে, সবই অনুমাননির্ভর। আমি আমার সেই বক্তব্যের ওপরই আছি এবং মায়ের সেই পরামর্শ মেনেই চলব।’
তিনি আরও বলেন, ‘এসব দাবির কোনো সত্যতা নেই। পিসিবিতে যাওয়ার ব্যাপারে আমার কোনো আগ্রহই নেই। প্রধান নির্বাচক হওয়ার খবরও শুনছি। এগুলো সবই ভুয়া। এমন দাবির কোনো সত্যতা নেই। আমি শুধু পাকিস্তান ক্রিকেটের উন্নতি চাই।’
শোয়েব আরও জানান, পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির নেতৃত্বাধীন বোর্ডের সঙ্গে এ বিষয়ে তার কোনো আলোচনাই হয়নি। বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রের হিউস্টনে অবস্থান করছেন তিনি।
পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট, ১৬৩টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলা শোয়েব আক্তার মনে করেন, পিসিবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হয়েও দেশের ক্রিকেটের জন্য কাজ করা সম্ভব। তিনি বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই। তবে সেটা করার আরও অনেক উপায় আছে। এর জন্য পিসিবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার প্রয়োজন নেই।’
এর আগে পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, জাতীয় দলের ভবিষ্যৎ এবং দলের ভাগ্য কীভাবে বদলানো যায়, তা নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন শোয়েব। এমনকি সাম্প্রতিক সময়ে দুজনের সম্পর্কও উন্নত হয়েছে বলে খবর প্রকাশিত হয়।
সংবাদমাধ্যমগুলোর দাবি ছিল, শোয়েবের বড় ভাইয়ের মৃত্যুর পর নাকভি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই সূত্র ধরেই দুজনের সম্পর্কের উন্নতি হয়েছে এবং পরবর্তী সময়ে জাতীয় দল ও পাকিস্তান ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলেও দাবি করা হয়।
তবে শোয়েব আক্তারের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট, পিসিবির প্রধান নির্বাচক হওয়ার কোনো পরিকল্পনা তার নেই। বরং বোর্ডের আনুষ্ঠানিক দায়িত্বে না থেকেও পাকিস্তান ক্রিকেটের উন্নতিতে অবদান রাখতে চান সাবেক এই গতিতারকা।


