...|...|...

সারাদেশ

পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৪১
Shares
পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ১

বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ রাজীব খান গ্রেফতার

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ রাজীব খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, এসআই কামরুল, এসআই আব্দুর রহিমসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের রাজীব খানের বাড়িতে অবৈধ অস্ত্র রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে বাড়িতে তল্লাশি করা হয়। এ সময় একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে রাজীব খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাজীব খান শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আগে থেকেই পাঁচটি মামলা চলমান রয়েছে। এসব মামলার মধ্যে মাদক, জুয়া ও মারামারির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার রাতে পিরোজপুর সদর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজীব খানের বাড়িতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় রাজীব খানের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে আগে থাকা পাঁচটি মামলাও চলমান রয়েছে।