উত্তর পারস্য উপসাগরে অবৈধভাবে তেল স্থানান্তরের সাথে জড়িত চারটি জাহাজে হামলা চালিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর নৌবাহিনী। এছাড়া হরমুজ প্রণালীর পশ্চিমে মাইন বিস্ফোরণের মুখে পড়ে আরও তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট-র প্রতিবেদন অনুযায়ী, বুধবার এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে যে, জনগণের বিপুল জাতীয় সমর্থনের ওপর ভর করে তাদের নৌবাহিনীর সদস্যরা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও পরিচালনা করে যাচ্ছেন।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন বাহিনীর পক্ষ থেকে বেআইনিভাবে মাইন পাতা এই জলপথ দিয়ে জাহাজ চলাচলে উসকানি দেওয়ার ফলে দিন দিন সামুদ্রিক দুর্ঘটনা ও সংঘাত বৃদ্ধি পাচ্ছে।
সতর্কবার্তা উচ্চারণ করে আইআরজিসি নৌবাহিনী বলেছে, আগ্রাসী মার্কিন বাহিনীকে অবশ্যই এটি মনে রাখতে হবে যে যদি এই ধারা অব্যাহত থাকে, তবে সংঘাতের পরিধি বাড়িয়ে অঞ্চলের আগ্রাসী ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত করা হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।


