সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার স্বামীকে নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ভক্তদের মধ্যে। বিয়ের ছবি প্রকাশ করলেও স্বামীর মুখ আড়াল করে রেখেছেন তিনি। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার আসাদ নূরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পারশা।
ফেসবুক ও ইনস্টাগ্রামে দুজনের প্রকাশিত বিভিন্ন ছবি, পোশাক এবং পোস্টের সময় মিলিয়ে এমন দাবি করছেন নেটিজেনদের একাংশ। তবে পারশা কিংবা আসাদ নূর- কেউই বিষয়টি নিশ্চিত করেননি।
গত শনিবার (৭ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামীর সাথে একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে তাকে শাড়ি পরা অবস্থায় দেখা গেলেও স্বামীর মুখ পদ্মফুল দিয়ে ঢেকে রাখেন তিনি।

ছবির সাথে পুরুষের ব্যক্তিগত গোপনীয়তা ও স্ত্রীর সম্মান নিয়ে একটি বক্তব্যও যুক্ত করেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘স্বামীর পর্দা তার স্ত্রীর সম্মান।’
এরপর থেকেই বরের পরিচয় নিয়ে শুরু হয় নানা জল্পনা।
ছবির পোশাকে মিল খুঁজছেন নেটিজেনরা
পারশা ও আসাদ নূরের ইনস্টাগ্রাম পোস্ট ঘেঁটে কয়েকটি মিল সামনে এনেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।
তাদের দাবি, গত ২১ অক্টোবর আসাদ নূর পাঞ্জাবি পরা একটি ছবি প্রকাশ করেছিলেন। সেখানে তার পাশে লাল শাড়ির একটি আঁচল দেখা যায়। নেটিজেনদের কেউ কেউ বলছেন, পারশার বিয়ের ছবিতে পরা শাড়ির আঁচলের সাথে ওই শাড়ির মিল রয়েছে।
এ ছাড়া দুই ছবিতে পুরুষের পরনের পাঞ্জাবির মধ্যেও সাদৃশ্য খুঁজে পেয়েছেন অনেকে। পারশা তার বিয়ের তারিখ ২২ অক্টোবর বলে জানিয়েছেন। অন্যদিকে আসাদ নূরের ছবিটি প্রকাশিত হয়েছিল এর আগের দিন। এ সময়ের মিলও আলোচনায় যুক্ত হয়েছে।
শ্রীলঙ্কার ছবিও আলোচনায়
গত সেপ্টেম্বরে অবকাশ যাপনে শ্রীলঙ্কায় গিয়েছিলেন পারশা। সেখানকার সমুদ্রসৈকতে সাদা পোশাক ও মাথায় হ্যাট পরা অবস্থায় তার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
নেটিজেনদের একাংশের দাবি, পারশার ওই ছবিগুলোর সাথে আসাদ নূরের প্রকাশিত কিছু ছবিরও মিল রয়েছে। পাশাপাশি পারশার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে আসাদ নূরের একটি পোস্ট এবং দুজনের ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ করার বিষয়টিও আলোচনায় এসেছে।

বর্তমানে দুজনই কলকাতায় অবস্থান করছেন বলেও দাবি করছেন কেউ কেউ।
এখনো মুখ খোলেননি দুজনের কেউ
এসব ছবি, পোশাকের সাদৃশ্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সূত্র মিলিয়ে আসাদ নূরকেই পারশার স্বামী বলে ধারণা করছেন নেটিজেনদের অনেকে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব তথ্য ও ছবির মিল এখনো বিয়ের পরিচয় নিশ্চিত করে না। আসলেই আসাদ নূরের সাথে পারশার বিয়ে হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে নীরব রয়েছেন দুজনই। ফলে পারশার স্বামীকে ঘিরে রহস্য এখনো কাটেনি।

