...|...|...

শিক্ষা

আবেদন শুরু জানুয়ারিতে

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৪০ | আপডেট: ৯ নভেম্বর ২০২৬, বিকেল ৫:৫৮
Shares
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফলাফলের বিষয়টি বিবেচনায় নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা শুরু হবে।

এক সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি-সংক্রান্ত কার্যক্রম শুরু হলেও মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি থেকে।

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান জানান, এইচএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়নের ফল নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে। এরপর সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এর ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফলসহ এইচএসসির সব পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে।

অধ্যাপক মামুন আহমেদ আরও জানান, যেসব বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, তাদের নতুন সিদ্ধান্তের সাথে সমন্বয় করতে হবে।

এবার এইচএসসি পরীক্ষার উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে ইউজিসি চেয়ারম্যান বলেন, এ কারণে অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেননি। শিক্ষার্থীদের জন্য এখন খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এসব প্রক্রিয়া শেষ হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচিতে যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরস্পরের সাথে সাংঘর্ষিক না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পারস্পরিক সমন্বয়ের আহ্বান জানিয়েছেন ইউজিসি চেয়ারম্যান।